আন্তর্জাতিক জলসীমায় ইরানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শনিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এ গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এদিকে ইরান এই প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও নিজেদের বন্দরে মার্কিন অবরোধের প্রতিবাদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন প্রস্তুতির খবর সামনে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর গত সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।