প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ নির্মাণ বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি। এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বগুড়াকে কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। স্থানীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুবিধা বাড়াতে বগুড়া বিমানবন্দরকে কার্গো বিমান ওঠানামার উপযোগী করে উন্নত করা হবে।
তিনি আরও বলেন, “বগুড়াসহ আশপাশের অঞ্চলগুলো কৃষিনির্ভর। আমরা চাই, আমাদের কৃষিপণ্য শুধু দেশের চাহিদা পূরণেই নয়, আন্তর্জাতিক বাজারেও পৌঁছাক।” পাশাপাশি বগুড়া বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলসহ আধুনিক শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে নিম্নআয়ের মানুষ সরাসরি উপকৃত হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, স্বল্প ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। “শিগগিরই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে,”—যোগ করেন তিনি।
এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং খরার সময় পানির সংকট দূর হয়।
স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা যা করবো, স্বচ্ছভাবে করবো। গণতন্ত্রে মতের ভিন্নতা থাকলেও আমাদের লক্ষ্য একটাই—দেশের মানুষের উন্নয়ন।”
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে বগুড়ায় পৌঁছে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি জেলা জজ আদালতে নবনির্মিত ভবন ও ‘ই-বেইলবন্ড’ কার্যক্রম উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন, গাবতলীর বাগবাড়ীতে পৈতৃক ভিটা পরিদর্শন এবং শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড ও খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন।
সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াসহ উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে সমবেত হন। বিকেল ৩টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।