চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধছেন শ্যামল মাওলা ও নাজিফা তুষি। এর আগে আলাদা আলাদা করে বিভিন্ন সিনেমায় দেখা গেছে তাদের। তবে এবারই প্রথম ‘সুরাইয়া’- শীর্ষক সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। নির্মাণ করছেন রবিউল আলম রবি। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না পরিচালক। তিনি বলেন, সিনেমার শুটিং শুরু করেছি। তবে এই বিষয়ে আপাতত আর কোনো কথা বলতে চাই না। পরবর্তীতে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। ‘সুরাইয়া’ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে সিনেমা প্রকল্পটি। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও জায়গা করে নেয় এটি। এ ছাড়া ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে ‘সুরাইয়া’। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছিল ‘সুরাইয়া’।