
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম আজ মঙ্গলবার (১২ আগস্ট) থেকে সংগ্রহ করা যাবে। এদিন সকাল ৯টার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়। এ কার্যক্রম চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। ডাকসুর প্রতিটি মনোনয়ন ফরমের ফি ৩০০ (তিনশত) টাকা নির্ধারণ করা হয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা সশরীরে উপস্থিত থেকে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস হতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ১৯ আগস্ট বেলা ৩টার মধ্যে মনোনয়পত্র দাখিল করার বিষয়ে জানানো হয়।
প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। পাঁচজনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়া যাবে না।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার 



















