
নিজস্ব প্রতিবেদক |
সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্যতিক্রমী মন্তব্যের মাধ্যমে দিনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের দিকে তাকিয়ে তিনি হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী বাসভবন থেকে সচিবালয়ের পথে রওনা হন। প্রতিদিনের মতোই ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। দরজা খুলে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে হাসিমুখে তিনি উপরের মন্তব্যটি করেন।
তিনি বলেন, হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা কিছুটা বিস্মিত হন। পরে সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সারা দিন তাঁর একাধিক নির্ধারিত বৈঠক রয়েছে। এর মধ্যে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনা করবেন শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী-এর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। বিনিয়োগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ দেশের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী আজ দিনভর ব্যস্ত সময় কাটাবেন।
একুশে সংবাদ ডেস্ক 



















