জয়পুরহাটের কালাইয়ে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের উপহার সামগ্রী বিতরণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন উপজেলার ৪৮৫ জন দরিদ্র ও অসহায় মানুষ, যাদের জন্য ঈদের আনন্দ যেন কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, একটি রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সেই উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার কেবল অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নেই বরং মানবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরো বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সাম্যের, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধেরও শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের পাশাপাশি রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হয়, যাতে কোনো অসহায় মানুষ অভাব-অনটনের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সেই দায়বদ্ধতা থেকেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, যাতে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, সমাজের প্রতিটি স্তর থেকে যেন মানবিকতা ও সহযোগিতার এই ধারা অব্যাহত থাকে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, সরকারের এই উদ্যোগ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে ত্রাণ বিতরণের আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, উপজেলার প্রকৃত অসহায়দের তালিকা যাচাই-বাছাই করে এই ৪৮৫ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে পর্যায়ক্রমে আরো সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, রফিকুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস, ৫০ পিস হাজী রুমাল, ৩০টি হুইলচেয়ার, ৫৪ বান্ডিল ঢেউটিন এবং ১০ লাখসহ বিভিন্ন উপহার সামগ্রীর মধ্য থেকে কালাই উপজেলায় ৪৮৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি 

















