
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি শব্দ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “হাজারো মানুষের সামনে এবং গণমাধ্যমের উপস্থিতিতে আমি স্পষ্ট করে বলতে চাই—বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করেছে, তার প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।” তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করতে সনদ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
ভোটাধিকার ও গণতন্ত্রের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।”
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানী চালুর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কিছু গোষ্ঠী ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়।” তিনি অতীতের বিভিন্ন ঘটনার উদাহরণ টেনে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ২০১৬ সালে খালেদা জিয়া দেশের জন্য একটি রূপরেখা দিয়েছিলেন এবং ২০২৩ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করা হয়, যা বর্তমান সরকারের কর্মপরিকল্পনার ভিত্তি।
আইন ও বিচার ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচারপ্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজ করতে ‘ই-বেইলবন্ড’ পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় সময় ও ভোগান্তি কমবে। তিনি জানান, ধাপে ধাপে দেশের সব আদালতে এই পদ্ধতি চালু করা হবে।
ন্যায়বিচারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আইনের শাসনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবার জন্য সমান বিচার নিশ্চিত হবে।”
এর আগে সকালে বগুড়ায় পৌঁছে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। তিনি ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন, বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং খাল খনন কর্মসূচির সূচনা করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বগুড়াসহ উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন এবং বিকেলের মধ্যেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
বগুড়া প্রতিনিধি: 



















