
আজ (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, এবারের এসএসসি ব্যাচ করোনাকালীন সময়ে কিছু মূল্যায়ন কার্যক্রম থেকে বঞ্চিত হওয়ায় এটি তাদের প্রথম পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষা। তাই পরীক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপদ পানি, আলো, ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিক। পরীক্ষাভীতি দূর করে তাদের স্বাভাবিকভাবে উত্তর দেওয়ার সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অযথা কঠোরতা নয়, বরং শিক্ষার্থীদের প্রাপ্য মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্রে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
ঢাকা প্রতিনিধি: 



















