আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি)। আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংক্ষুব্ধ কোনো প্রার্থী, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল আবেদন জমা নেওয়া হবে।
অঞ্চলভিত্তিক বুথ বিন্যাস
-
১নং বুথ (খুলনা অঞ্চল): মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা
-
২নং বুথ (রাজশাহী অঞ্চল): জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা
-
৩নং বুথ (রংপুর অঞ্চল): পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা
-
৪নং বুথ (চট্টগ্রাম অঞ্চল): চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান
-
৫নং বুথ (কুমিল্লা অঞ্চল): ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর
-
৬নং বুথ (সিলেট অঞ্চল): সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ
-
৭নং বুথ (ঢাকা অঞ্চল): টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ
-
৮নং বুথ (ময়মনসিংহ অঞ্চল): জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা
-
৯নং বুথ (বরিশাল অঞ্চল): বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর
-
১০নং বুথ (ফরিদপুর অঞ্চল): রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ রোববার বিকাল ৫টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, বাছাই শেষে সারা দেশে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে—তা আজ রাতেই প্রকাশ করা হবে।
ইসি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপিল দায়েরের ক্ষেত্রে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ, আপিলের কারণ উল্লেখসহ সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আপিল আবেদন এক সেট মূল কপিসহ মোট সাত কপি জমা দিতে হবে।
মনোনয়নপত্র সংক্রান্ত আপিলগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 



















