চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ২০২৬:
দেশব্যাপী সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিরবচ্ছিন্ন অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নৌবাহিনী টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট স্পেশাল ফোর্স (সোয়াডস্)–এর একটি দল নিয়ে নাজিরপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাতের অন্ধকারে ধাওয়া করে শীর্ষ সন্ত্রাসী শামশুল হককে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার তরমুজ ক্ষেতের একটি ছাপড়ি ঘর তল্লাশি করে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড তাজা গুলি, শর্টগানের ২ রাউন্ড তাজা গুলি এবং ১টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, শামশুল হক দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় এবং জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ টেকনাফ থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ৮টি জেলার অন্তর্ভুক্ত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
এম এ ছবুর 






















