চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে সরকার রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, বে-টার্মিনাল ও লালদিয়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নৌমন্ত্রী জানান, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে এবং রাষ্ট্র, জনগণ ও অর্থনীতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এ বিষয়ে তিনি নিজে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। প্রস্তাবনায় কিছু ইতিবাচক দিক থাকলেও কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই তাড়াহুড়ো না করে সব দিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।
মন্ত্রী আরও বলেন, ডিপি ওয়ার্ল্ডের কিছু প্রস্তাব দেশের জন্য উপকারী হলেও কিছু ক্ষেত্রে আর্থিক ঝুঁকি রয়েছে। সরকার সব দিক পর্যালোচনা করে এমন একটি সিদ্ধান্ত নিতে চায়, যাতে রাষ্ট্রের স্বার্থ সর্বোচ্চ সুরক্ষিত থাকে।
তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময় থেকেই এ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং বর্তমানে তা একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বর্তমান সরকার নতুন করে বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে নিজেদের অবস্থান থেকে দরকষাকষিও করছে।
শিগগিরই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এমন একটি সিদ্ধান্ত নেওয়া হবে যা দেশের অর্থনীতি, বন্দর এবং সাধারণ মানুষের জন্য ইতিবাচক হবে।
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাষ্ট্রের স্বার্থ সঠিকভাবে রক্ষা হচ্ছে কি না তা খতিয়ে দেখা গণমাধ্যমের দায়িত্ব। সরকার এ বিষয়ে গণমাধ্যমের সচেতন ভূমিকার প্রতি গুরুত্ব দিচ্ছে।
তিনি স্পষ্ট করে বলেন, সরকার যে সিদ্ধান্তই নেবে তা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নীতির আলোকে, যেখানে রাষ্ট্র ও জনগণের স্বার্থই সর্বাগ্রে বিবেচিত হবে।
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব জাকারিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ ডেস্ক 



















