
টাঙ্গাইলে বৈশাখী কর্মসূচি শেষে সন্তোষে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।
মঙ্গলবার বিকাল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানীর মাজারে গিয়ে তিনি জিয়ারত করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সন্তোষে মওলানা ভাসানী যে ঘরে বসবাস করতেন, সেই ঐতিহাসিক ঘরটি পরিদর্শন করেন এবং সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান এবং শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ডের পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দৈনিক একুশে সংবাদ বিডি 



















