বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ ও সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় বহনে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনের সংকট আরও তীব্র করবে।
তিনি আরও বলেন, দর সমন্বয়ের অজুহাতে এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক নয়। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে দাম বাড়ানো জনগণের কষ্টকে বহুগুণ বাড়িয়ে দেবে।
জামায়াত আমির সতর্ক করে বলেন, এ সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাবে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।
তিনি সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
দৈনিক একুশে সংবাদ বিডি 



















