• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

যৌক্তিক বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক. / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল সংসদে ‘যৌক্তিক ও গঠনমূলক বিরোধী দলের’ ভূমিকা পালন করবে। সরকারকে অন্ধ সমর্থন বা অযৌক্তিক বিরোধিতা নয়, বরং জনকল্যাণ, জবাবদিহিতা ও জাতীয় সংস্কারের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা রাখবে তারা।

আজ জাতীয় সংসদের এলডি হলে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল সংসদের ভেতরে ও বাইরে জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরবে। তবে, তা হবে সংসদীয় শালীনতা ও গঠনমূলক রাজনৈতিক আচরণের মধ্য দিয়ে।

তিনি বলেন, ‘আমরা না হবো সরকারপন্থী অনুগত বিরোধী দল, না হবো অযৌক্তিকভাবে বাধাদানকারী বিরোধী দল। আমরা হবো যৌক্তিক ও বিবেকনির্ভর বিরোধী দল।’

তিনি আরো বলেন, সংসদে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে দেশ ও জনগণের স্বার্থকে কেন্দ্র করে। ইতোমধ্যে তারা সংসদে ভোটারদের সমর্থিত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন।

চলমান বাজেট অধিবেশনে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সরকারি ব্যয় ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে তাদের দল কিছু নির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে বলেও জানান তিনি।

অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি করে উন্নয়ন ব্যয় সম্পন্ন করার প্রবণতার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান জুলাই-জুন অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর ক্যালেন্ডারভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দেন।

তার মতে, ক্যালেন্ডার বছরের সঙ্গে অর্থবছর সামঞ্জস্যপূর্ণ হলে শুষ্ক মৌসুমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে, পরিকল্পনা ও তদারকি আরো কার্যকর হবে এবং অর্থবছরের শেষ দিকে অপ্রয়োজনীয় ব্যয় কমে আসবে।

তিনি বলেন, ‘সরকারি ব্যয়ের একটি বড় অংশ অর্থবছরের শেষ কয়েক সপ্তাহে সম্পন্ন হয়। এতে কাজের মান, জবাবদিহিতা ও অর্থের যথাযথ ব্যবহার ক্ষতিগ্রস্ত হয়।’

বিরোধীদলীয় নেতা সম্পূরক বাজেট অনুমোদনের সময় নিয়েও প্রশ্ন তোলেন এবং সরকারি ব্যয়ে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংসদের উচিত জনগণের প্রত্যাশা ও ম্যান্ডেটের প্রতিফলন ঘটিয়ে অর্থবহ সাংবিধানিক সংস্কারে মনোনিবেশ করা, শুধু নিয়মিত সংশোধনীতে সীমাবদ্ধ না থাকা।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে গণতান্ত্রিক জবাবদিহিতা ও জনমতের কেন্দ্রবিন্দু হিসেবে থাকতে হবে। সংসদ সদস্যদের দায়িত্ব জনগণের প্রতিনিধিত্ব করা, ব্যক্তিগত আক্রমণ বা দলীয় নাটকীয়তায় জড়ানো নয়।

তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি জনগণের কথা বলার জন্য। দেশ ও দেশের মানুষই আমাদের অগ্রাধিকার।’

তবে তিনি সতর্ক করে বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষিত হলে সংসদের বাইরেও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি আদায়ে তাদের দল কাজ করে যাবে।

তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য, সাংবাদিক ও নাগরিকদের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে এবং দেশের সুশাসন উন্নয়নে সহায়ক হবে।

মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এটিএম আজহারুল ইসলাম এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, শাহজাহান চৌধুরী এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান এমপি, রফিকুল ইসলাম খান এমপি, গাজী নজরুল ইসলাম এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি এবং ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category