
ময়মনসিংহের ফুলপুরে মজিবর রহমান মজনু (৪২) ও মানিক (৪০) নামে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নালিতাবাড়ী টু ঢাকাগামী পরিবহণ থেকে নজরুল ইসলাম নামে একজনকে অজ্ঞান করার অভিযোগে বাসের যাত্রীরা তাদের আটক করে পুলিশে দেয়। আটককৃত মজিবর টাঙ্গাইলের সখিপুর উপজেলার শালগ্রামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ও মানিক গাজীপুরের বাসন থানার ইটাহাটা গ্রামের মৃত হাকিম আলীর ছেলে। সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. কেয়ার নিকট জানতে চাইলে তিনি জানান, অজ্ঞান লোকটির জ্ঞান এখনো ফিরেনি। অজ্ঞান ব্যক্তির নাম নজরুল ইসলাম ঠিকানা চড় দুর্গাপুর বলে জানা। এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই বকুল সাহা জানান, অজ্ঞান পার্টির সদস্য বলে অভিযুক্ত মজিবর ও মানিক ফুলপুর থানা হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

























