
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চাঞ্চল্যকর ব্যবসায়ী মুহাম্মদ মিজানুর রহমান হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ গিয়াস (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মুহাম্মদ মিজানুর রহমান সাতকানিয়া থানাধীন গারাঙ্গিয়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন হকার ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী ও দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানসহ পরিবার নিয়ে বসবাস করতেন। পূর্ব থেকেই বিবাদীদের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিম তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের মধ্য গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ৮-৯টি মোটরসাইকেলে করে আসা ১ থেকে ৫ নম্বর এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৮-১০ জন সন্ত্রাসী সিএনজিটি থামিয়ে তাকে অপহরণ করে।
পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে সোনাকানিয়া বোর্ড অফিসের পশ্চিম পাশে একটি বাগানে নিয়ে যায় এবং নির্মমভাবে নির্যাতন চালায়। ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় এবং লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরে তাকে সোনাকানিয়া বোর্ড অফিস সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ মার্চ দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় ৫ জন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-২০, তারিখ ২৪ এপ্রিল ২০২৬; ধারা ১৪৩/১৪১/৩৪২/৩২৫/৩২৬/৩৬৫/৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।
মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে র্যাব-৭ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে সাতকানিয়ার ঠাকুর দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান পলাতক আসামি মোঃ গিয়াসকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এম অলিউল্লাহ নিজামী,, 





















