শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেশটির বিশিষ্টজনদের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট ও সুস্বাদু আম উপহার দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ বছর প্রায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নতমানের বাংলাদেশি আম নেপালের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে উপহার হিসেবে পাঠানো হয়।
দূতাবাসের পক্ষ থেকে নেপালের রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তির কাছে আমের প্যাকেট পৌঁছে দেওয়া হয়।
উপহার হিসেবে পাঠানো আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করে সেগুলো বিশেষভাবে প্যাকেজিং করে কাঠমান্ডুতে পাঠানো হয়।
স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের এ আম দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।
এ উদ্যোগকে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের সাংস্কৃতিক ও সৌজন্য বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।