ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে সচেতন হবার ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে তিনি রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন।
কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গুর সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে। তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল ও অন্যান্য পাত্রে পানি জমতে না দিয়ে দ্রুত পরিষ্কার করতে হবে। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও নভেম্বর মাসে বৃষ্টিপাত কমে আসায় সংক্রমণের হার ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার ওষুধের দোকান, পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডেঙ্গু থেকে রক্ষা পেতে নিয়মিত বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা বা অন্য কোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।