
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত তিন দিনে ৩ হাজার ৬৪৭ জন কারাবন্দী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এর আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন ৫৯৬০ জন বন্দী। শুক্রবার সকালে এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে কারা অধিদপ্তর।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন ১ হাজার ৫২১ জন কারাবন্দী। পরদিন ৪ ফেব্রুয়ারি ভোট দেন ৯৮৮ জন এবং ৫ ফেব্রুয়ারি ভোট দেন ১ হাজার ১৩৮ জন বন্দী ভোটার।
কারা অধিদপ্তর জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কারাগারের অভ্যন্তরে শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বাচন-সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিয়ম অনুযায়ী, নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থীর পক্ষে কারাবন্দী ভোটাররা তাঁদের ভোট প্রদান করছেন। কারা সূত্রে জানা গেছে, দেশের সকল কারাগারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)। এখানে ৬০০ জনের বেশি কারাবন্দী ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি সকাল থেকে কারাগারে স্থাপিত বুথগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। ওই দিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে সরাসরি ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
পরিদর্শনকালে তিনি জানান, সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা ৫ হাজার ৯৬০ জন বন্দী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
দৈনিক একুশে সংবাদ বিডি 























