জেলা প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবুল বাশার, যিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, উপজেলার মাঝিড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হাকিমের মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি আবুল বাশারের সঙ্গে আর্থিক সমঝোতা করেন। পরে বাশারের অনুসারীরা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি দল গঠন করে জমিটি দখলে নেয়। দখলের সময় আবুল বাশার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুল হাকিম ও তার সম্পদের দেখভালের দায়িত্বে থাকা আব্দুস সাত্তার জানান, প্রায় দেড় মাস আগে একদল লোক সেখানে গিয়ে প্রায় ১০ শতক জমি দখল করে নেয়। এ সময় জমির ওপর থাকা স্থাপনা ভাঙচুর করা হয় এবং নিচু অংশে মাটি ফেলে আংশিক ভরাট করা হয়।
তাদের অভিযোগ, হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিল এবং তারা আব্দুস সাত্তারকে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ওই জমিতে নির্মিত একটি বাড়িতে পরিবারসহ বসবাস করছেন সাত্তার, যিনি দীর্ঘদিন ধরে জমি ও সংলগ্ন মার্কেটের দেখভাল করে আসছেন।
আব্দুস সাত্তার বলেন, “একটি সংঘবদ্ধ চক্র আমাদের নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে। পরিবার নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ভুক্তভোগীদের দাবি, শহীদুল ইসলাম জাল দলিল তৈরি করে জমিটির মালিকানা দাবি করছেন। তিনি জমির মালিক হিসেবে তার স্ত্রী ও আমিনুর ইসলাম নামে আরেকজনকে দেখিয়েছেন। তবে আব্দুল হাকিম দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জমিটি ক্রয় করে ভোগদখল করে আসছেন বলে দাবি করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও শহীদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত আবুল বাশারের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওয়া/২৬/ব
























