আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে একই সঙ্গে কারাগারে আটক সাংবাদিকদের মুক্তি এবং বিদেশি সাংবাদিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
কলম্বিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আরএসএফ জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা শনিবার ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে প্রবেশের জন্য প্রায় ২০০ বিদেশি সাংবাদিক আবেদন করেছেন। তবে সরকারের আরোপিত মিডিয়া ভিসা বাধ্যবাধকতার কারণে এসব আবেদনের অনেকগুলোর এখনো কোনো জবাব দেওয়া হয়নি।
এদিকে ভেনেজুয়েলার সংসদীয় প্রধান ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ বৃহস্পতিবার ঘোষণা করেন, রাজনৈতিক কারণে আটক কয়েকজন বিদেশিসহ বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
আরএসএফের লাতিন আমেরিকা বিষয়ক গবেষণা কর্মকর্তা ফাবিওলা লিওন বলেন,
“আমরা সব সাংবাদিকের ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি এবং গণমাধ্যমকে কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই কাজ করার নিশ্চয়তা দিতে হবে।”
আরএসএফের হিসাব অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনের কারণে বর্তমানে অন্তত ছয়জন সাংবাদিক ভেনেজুয়েলার কারাগারে বন্দি রয়েছেন।
সংগঠনটি জানায়, গত ৫ জানুয়ারি কারাকাসে ডেলসি রদ্রিগেজের শপথ অনুষ্ঠানের সময় ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী সাময়িকভাবে ১৪ জন সাংবাদিককে আটক করে। তাদের অধিকাংশই ছিলেন বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি। পরে সীমান্ত এলাকায় আরও চারজন সাংবাদিককে আটক করা হয়, যাদের মধ্যে দুজন স্পেনের, একজন মেক্সিকোর এবং একজন কলম্বিয়ার নাগরিক। কয়েক ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়।
কলম্বিয়ার সাংবাদিক জেফ সিয়েরা এএফপি-কে জানান, তাকে ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল। এ সময় তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়, মামলা দেওয়ার হুমকি দেওয়া হয় এবং তার মোবাইল ফোন তল্লাশি করে সংগৃহীত সংবাদ ও তথ্য মুছে ফেলা হয়।
আরএসএফ এক বিবৃতিতে বলেছে,
“ভেনেজুয়েলার চলমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পরিণতি বোঝার জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া জরুরি। একই সঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমের ওপর আরোপিত কড়াকড়ি বন্ধ করতে হবে।”
অনলাইন ডেস্ক 






















