
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বত্থতলা গ্রামে জোর পূর্বক জমি দখলচেষ্টা, হামলা, নারী নির্যাতন ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় নজরুল ইসলাম গং এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৫মার্চ (রবিবার) পশ্চিম অশ্বত্থতলা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল চন্দ্র পাল (৫৯) অভিযোগ করেন, প্রতিবেশী নজরুল ইসলাম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।
গত ১২ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে নজরুল ইসলাম, তার স্ত্রী রাজিয়া বেগম, তাদের ভাড়াটিয়া রাসেলসহ অজ্ঞাতনামা আরও ২০–৩০ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়ির পূর্ব-দক্ষিণ পাশে চলাচলের রাস্তায় এসে গালিগালাজ শুরু করে। এ সময় বাবুল চন্দ্র পালের ছোট ভাই গোপাল পাল প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে গোপাল পালের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে আসা জয়া পালকেও দা দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাতে গুরুতর কাটা জখম হয়।
ভুক্তভোগীদের দাবি, হামলার সময় হামলাকারীরা কয়েকজন নারী সদস্যের গলায় থাকা স্বর্ণের চেইন, নাকফুল ও কানের দুলসহ প্রায় কয়েক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। পাশাপাশি নারী সদস্যদের সঙ্গে শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।
হামলায় আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাবুল চন্দ্র পাল বলেন আমাদের জমি জোর করে দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। হামলার পরও তারা এলাকায় প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করছি।
এ ঘটনায় লালমাই থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) 





















