
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়াই করেও জেতা হলো না বাংলাদেশের। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দলের হার ৩-২ গোলে।
ষষ্ঠ মিনিটেই বাংলাদেশের জাল খুঁজে নেয় লঙ্কানরা। প্রথম কোয়ার্টারের শেষ দিকে আশরাফুল ইসলামের পেনাল্টি স্ট্রোক থেকে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ফের এগিয়ে যায় শ্রীলঙ্কা। তৃতীয় কোয়ার্টারেও ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরও এক গোল করে শ্রীলঙ্কা। ৪৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন আমিরুল। তবে বাকি সময়ে আর জালের দেখা পায়নি বাংলাদেশ।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’র টেবিলে তিনে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চূড়ায় শ্রীলঙ্কা। বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের ছেলেরা। প্রথম ম্যাচে গতকাল চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে বাছাইয়ে অংশ নেয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে।
খেলাধুলা ডেস্ক 

























