নিজস্ব প্রতিবেদক
আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানোই নয়, বিদ্যুৎ উৎপাদনের খরচ কমানোও সরকারের অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারগুলোর ব্যর্থতা কিংবা ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনায় সময় নষ্ট করার পরিবর্তে ভবিষ্যতের চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, আগামী দিনগুলোতে কীভাবে বিদ্যুতের চাহিদা মেটানো যায় এবং বাসাবাড়ি ও ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সেটিই বর্তমান সরকারের অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ খাতে টেকসই ও সাশ্রয়ী ব্যবস্থা গড়ে তুলতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর জাতীয় গ্রিডে কয়েক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।