নিজস্ব প্রতিবেদক
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা এবং হংকংয়ের সঙ্গে অপরাধবিষয়ক পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ) চুক্তির খসড়াও অনুমোদন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকায় সেটিকে আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লেজিসলেটিভ বিভাগের মতামত সাপেক্ষে অনুমোদিত খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
তিনি বলেন, সংসদ না থাকা অবস্থায় অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা গেলেও সংসদ কার্যক্রম শুরু হলে প্রথম বৈঠকেই তা বিল আকারে উপস্থাপন করে আইনে পরিণত করতে হয়।
সরকারি ক্রয়ে স্বচ্ছতা বাড়াতে সংশোধন
সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’-এর দ্বিতীয় সংশোধনের খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনটি এ পর্যন্ত ছয় দফা সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।
নতুন সংশোধনীতে দেশীয় শিল্পের সুরক্ষা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা প্রদান, সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির ব্যবহার বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মধ্যে সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।
সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। সব মিলিয়ে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে কার্যত সরকারি ছুটি থাকবে ২২ দিন।
এ ছাড়া ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটির প্রস্তাবও রাখা হয়েছে।
হংকংয়ের সঙ্গে অপরাধবিষয়ক আইনগত সহায়তা চুক্তি
বাংলাদেশ ও চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের মধ্যে ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এ চুক্তির আওতায় দুই পক্ষের মধ্যে অপরাধ-সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নথি আদান-প্রদান, অপরাধ তদন্তে সহযোগিতা, অপরাধী শনাক্ত ও আটকসহ বিভিন্ন আইনি সহায়তার পথ সুগম হবে। এর ফলে আন্তসীমান্ত অপরাধ মোকাবিলা এবং অপরাধবিষয়ক তদন্ত ও বিচারিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।