শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা ও দেশের ইতিহাস জানার পরামর্শ তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
পড়ালেখার পাশাপাশি সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎ করা শিক্ষার্থীরা হলো কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পড়ালেখা করে একদিন তারা বড় হবে এবং বিভিন্ন পেশায় যুক্ত হবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই তারা যাক না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।
তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চায় যুক্ত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশের ইতিহাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জানতে হবে।
তিনি আরও বলেন, শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।