নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে চা চক্রে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর কার্যালয়ে যান ডা. শফিকুর রহমান। অত্যন্ত গোপনীয় ও একান্ত এই বৈঠকে দুই শীর্ষ নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠকে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। আলোচনাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশ কিছু অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন এবং এগুলোর প্রতি তাঁর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।