নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তন-এ দিনব্যাপী রুদ্ধদ্বার এ সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং এ জেড এম জাহিদ হোসেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর এটিই প্রথম মতবিনিময় সভা।
সভা প্রসঙ্গে রুহুল কবির রিজভী জানান, দলের নির্বাচনি ইশতেহার, সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।