রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, শনিবার রাতে প্রধানমন্ত্রী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ময়লা-আবর্জনা অপসারণ, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কোনো কর্মকর্তা ব্যর্থ হলে তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে।
এর আগে শনিবার বিকেলে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে অপসারণ করা হয়। অপসারিত কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন। এ সময় কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য এবং পুরোনো ময়লার স্তূপ পড়ে থাকতে দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে তাঁর সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীকে পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হবে।