সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং দেশের শীর্ষ পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব কফিল উদ্দিন দিল্লী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন দিল্লী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লিতে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কফিল উদ্দিন দিল্লী দেশের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার হিসেবে সুপরিচিত ছিলেন। পাশাপাশি তিনি সাভারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির সাভার থানা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কফিল উদ্দিন দিল্লীর মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।