বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে সকল বিলবোর্ডের আলোকসজ্জা এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সকল সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একই সময়ের মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।
তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
বর্তমানে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সেই সাময়িক সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের সময়সূচি পুনর্বহাল করা হয়েছে। ফলে আজ থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের আলোকসজ্জা বাধ্যতামূলকভাবে একই সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে।
নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।