তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পাশাপাশি এসব সংগঠনকে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও মানবিক সমাজ গঠনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ৬ষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণে নিবেদিত সংগঠনগুলো দেশের সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে সমাজের চাহিদা ও পরিবর্তিত বাস্তবতায় তাদের কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
তিনি বলেন, লায়ন্স ক্লাবের মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনগুলো শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্পৃক্ততা আরও জোরদার হওয়া প্রয়োজন।
ইয়াসের খান চৌধুরী বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। নতুন প্রজন্মকে সততা, ন্যায়নিষ্ঠা ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ বেল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কনভেনশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রিয়াজুল হক বশির স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পরে ডিস্ট্রিক্ট ও বিভিন্ন ক্লাবের সেবামূলক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ সময় ডিস্ট্রিক্ট নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পাশাপাশি নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট), ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) এবং সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট)-কে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।