আবাসিক গ্রাহকদের জন্য লাইফ লাইন (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বিদ্যুতের বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে কমিশন বুধবার বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে।
তবে আবাসিক লাইফ লাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য পুনর্নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার আবেদন করে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলো। এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে কমিশন পূর্বের মূল্যহার বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির আওতাধীন আবাসিক লাইফ লাইন গ্রাহকদের জন্য প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুতের মূল্য ৪ টাকা ৬৩ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের জন্য ৫ টাকা ২৬ পয়সা অপরিবর্তিত থাকবে। চলতি জুন মাসের বিল থেকেই এ হার কার্যকর হবে।
তবে বিদ্যুতের খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিশনের আগের আদেশের অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিইআরসির এ সিদ্ধান্তে স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের মূল্যহারেই বিদ্যুৎ সুবিধা ভোগ করতে পারবেন।