বগুড়ার নবগঠিত দুই উপজেলার দুটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের পর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন নাম নির্ধারণের জন্য স্থানীয় জনগণের মতামত নিয়ে পুনরায় গণশুনানি আয়োজন করা হবে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ফোনে তাকে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্তের পর সরকারি গেজেট প্রকাশ করা হবে।
জানা যায়, সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়ন গঠনের প্রক্রিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, গণশুনানি যথাযথভাবে পরিচালিত হয়নি। তাদের দাবি, স্থানীয় রাজনৈতিক নেতারা প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে খুশি করতে তার পৈতৃক বাড়ির নামে ‘মীরবাড়ি’, দুই ছেলের নামে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ এবং এক আত্মীয়ের নামে ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নামকরণের প্রস্তাব করেন।
যদিও গণশুনানি কমিটির প্রধান উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন দাবি করেছেন যে, গণশুনানি সঠিক নিয়মে সম্পন্ন হয়েছে।
এদিকে এলাকাবাসীর একটি অংশের মত, যদি ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়, তাহলে ‘মীরবাড়ি’ ও ‘স্বর্ণগ্রাম’ ইউনিয়নের নাম নিয়েও পুনর্বিবেচনা করা উচিত। তারা চারটি ইউনিয়নের নামকরণ বিষয়ক সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনার দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গণশুনানির মাধ্যমে প্রাপ্ত মতামতের ভিত্তিতে নতুন নামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।