ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও যোগ্যতাভিত্তিক করার লক্ষ্যে বিসিএস পরীক্ষার মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের এনসিপি সদস্য আবদুল হান্নান মাসউদের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত বিশেষ প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনের বিধি-১৮-এর উপবিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার নম্বর পুনর্বিন্যাস করা হয়।
তিনি আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন পদ্ধতিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। একইভাবে বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএস পরীক্ষাতেও ১০০ নম্বরের ভাইভা পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মে সংশোধিত “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪”-এর বিশেষ বিধান অনুযায়ী এসব পরীক্ষা সম্পন্ন হয়।
তিনি আরও জানান, আসন্ন ৫০তম বিসিএস এবং পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় ভাইভার ১০০ নম্বর পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।