নিজস্ব প্রতিবেদক
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৯৩ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে একযোগে পদায়ন করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এসব শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।
বাস্তব প্রশিক্ষণের অংশ হিসেবে গাজীপুর, রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ ইউনিটে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন হওয়ার পর শিক্ষানবিশ এসব সহকারী পুলিশ সুপার নিজ নিজ পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ পদায়ন করা হয়েছে।