স্টাফ রিপোর্টার:
ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে উম্মে মারুফাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশ-ভারত গণমাধ্যম সম্পর্ক, জনকূটনীতি এবং তথ্য বিনিময় কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত ও সুবিধাদি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালনকালে উম্মে মারুফা বাংলাদেশ সরকারের নীতি, উন্নয়ন কর্মকাণ্ড ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে সমন্বয়, তথ্য আদান-প্রদান এবং জনকূটনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদার এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও তিনি দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
সরকারের এ পদক্ষেপকে কূটনৈতিক যোগাযোগ ও গণমাধ্যম সহযোগিতা শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।