মৃত্যু হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, অন্য ক্ষেত্রে যাবজ্জীবনের বিধান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৫তম বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই বৈঠকে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত আইনটির খসড়ায় গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
খসড়া অনুযায়ী, গুমের অপরাধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গুমের কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।
আইনটির লক্ষ্য মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি-স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। একই সঙ্গে গুম হওয়া ব্যক্তির সন্ধান, দায়ীদের বিচার এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য একটি সমন্বিত আইনগত কাঠামো গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে।
খসড়ায় আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী, অভিযোগকারী, তথ্য প্রকাশকারী ও ভুক্তভোগীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
এছাড়া তদন্তের অগ্রগতি, ঘটনার প্রকৃত তথ্য এবং গুম হওয়া ব্যক্তির অবস্থান বা পরিণতি জানার অধিকার ভুক্তভোগীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের জন্য সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায় সম্ভব না হলে রাষ্ট্র ক্ষতিপূরণ প্রদান করবে।
খসড়ায় গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের ভরণপোষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। পাঁচ বছর পর উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ প্রদানের বিধানও যুক্ত করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় তথ্যভান্ডার সংরক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত ও ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বিধান প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রিসভা ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে পিতা-মাতা বা দাদা-দাদি সন্তান কিংবা নাতি-নাতনির নামে সম্পত্তি দান করলেও নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহার করার আইনি অধিকার সংরক্ষণের সুযোগ সৃষ্টি হবে। বিদ্যমান আইনে এ বিষয়ে স্পষ্ট বিধান না থাকায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভা ‘অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা, ২০২৬’ এবং ‘ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি, ২০২৬’ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে।
সরকার জানিয়েছে, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়া তালিকাটি প্রণয়ন করা হয়েছিল। এ কারণে এর বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয় এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন।
গত ২৯ জুন জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। মন্ত্রিসভা ওই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্তির প্রস্তাবও অনুমোদন দিয়েছে।
নতুন তালিকা প্রণয়ন না হওয়া পর্যন্ত ১৯৯৪ সালে জারি করা অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা এবং সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে। পাশাপাশি তালিকাটি হালনাগাদ করে এমনভাবে ওষুধের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না হয় এবং বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।