নিজস্ব প্রতিবেদক | ঢাকা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দল ও নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়িত হবে।” তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা অপরিহার্য। সাংবিধানিক সংশোধন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধে কার্যকর ভূমিকা রাখবে।
জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিভাজনের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইকে কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক শক্তির অর্জন হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের জনগণের সম্মিলিত অর্জন, যা বছরের পর বছর গণতান্ত্রিক সংগ্রাম, গুম, হত্যাকাণ্ড, রাজনৈতিক দমন-পীড়ন এবং অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয়েছে।”
তিনি বলেন, “যদি আমরা একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার পরও প্রশ্ন করি—‘জুলাই কার’, তাহলে শেষ পর্যন্ত জুলাই কারও থাকবে না।”
ফ্যাসিবাদ যাতে আর কখনও বাংলাদেশে ফিরে আসতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গুমের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত আইন সংসদে উপস্থাপিত হবে এবং তা ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি যেমন মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হতে পারেন, তেমনি রাজনৈতিক দলও আইনের আওতায় আসতে পারে। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাহী বিভাগের নয়, বিচার বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত।
বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, জাতীয় ঐক্য, গণতান্ত্রিক সংস্কার এবং জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই এ আন্দোলনের আদর্শ ও চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব।