নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে কোনো অবস্থাতেই সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, এ অবস্থান থেকে সরে আসতে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ ও প্রলোভন দেওয়া হচ্ছে। তবে কোনো চাপ বা লোভই তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। কিন্তু কোনো লোভ কিংবা চাপ আমাদের জনগণের রায় বাস্তবায়নের দাবি থেকে একচুলও সরাতে পারবে না। প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।”
তিনি অভিযোগ করেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার মাধ্যমে সেই অঙ্গীকার থেকে সরে এসেছে বলে তিনি দাবি করেন।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ আন্দোলনের নেতৃত্ব ও কৃতিত্ব তরুণ প্রজন্ম এবং দেশের সাধারণ মানুষের। কোনো ব্যক্তি বা দল এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করলে জনগণ তা গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের বিষয়ে তিনি বলেন, এখনও অনেক আহত ব্যক্তি চিকিৎসা ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন। তাদের যথাযথ সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “পাঁচ মাসেই যদি জনগণের প্রত্যাশা থেকে সরে যাওয়া হয়, তাহলে মানুষের হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক।” তিনি আরও দাবি করেন, জনগণের অধিকার উপেক্ষিত হলে নতুন আন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বিভাজনের পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠা প্রয়োজন। তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ডা. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, দেশের মানুষের প্রধান দাবি হলো গণভোটের রায় বাস্তবায়ন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীও সমাবেশে বক্তব্য দেন। তারা নিজ নিজ বক্তব্যে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।