নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তারা স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে রাতের খাবার খেতে গিয়ে পুলিশ হেফাজতে চলে যান।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মুহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আটককৃতরা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং অফিসার মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মো. ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
জেলা পুলিশ সূত্র জানায়, রাতে ভোটকেন্দ্রের দায়িত্ব পালন শেষে তারা স্থানীয় জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে।
অনলাইন ডেস্ক 






















