পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরজুড়ে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঈদের দিন শনিবার দুপুর থেকেই শুরু হওয়া দর্শনার্থীদের ঢল দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সব বয়সের হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন বিভিন্ন বিনোদন স্পটে।
রঙিন পোশাকে সজ্জিত মানুষ, বিশেষ করে তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও যুগলদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে রংপুর মহানগর। শহরের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে রংপুর চিড়িয়াখানা, সুরভী উদ্যান, চিকলী লেক ওয়াটার পার্ক, প্রয়াস এন্টারটেইনমেন্ট পার্ক এবং ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ি। এছাড়া রূপকথা থিম পার্ক, টাউন হল চত্বর, জেলা স্কুল মাঠ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছিল উপচেপড়া ভিড়।
শুধু শহর নয়, জেলার বিভিন্ন উপজেলাতেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। গঞ্জিপুরের ভিন্নজগত বিনোদন কেন্দ্র, পীরগঞ্জের আনন্দনগর পার্ক, বদরগঞ্জের মায়া ভুবন, কাউনিয়ার তিস্তা পার্ক এবং পীরগাছার নীলাম্বরের জলমহল-এ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একইভাবে গঙ্গাছড়ার মহিপুর ঘাট, তিস্তা সেতু এবং তিস্তা ব্যারেজ এলাকাতেও তৈরি হয় উৎসবের আমেজ।
চমৎকার আবহাওয়া এবং জোরদার নিরাপত্তা ব্যবস্থার কারণে দর্শনার্থীদের উপস্থিতি ছিল স্বস্তিদায়ক ও আনন্দঘন। যদিও ঈদের দিন কিছুটা মেঘলা আবহাওয়া ও হালকা বৃষ্টির কারণে ভিড় তুলনামূলক কম ছিল, তবে পরদিন তা বহুগুণে বৃদ্ধি পায়।
বিভিন্ন স্থানে অস্থায়ী মেলা বসেছে, যেখানে শিশুদের জন্য রাইড, হস্তশিল্প, খেলনা ও নানা ধরনের খাবারের দোকান দর্শনার্থীদের আকর্ষণ করছে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে এসব স্থানে ভিড় করছেন মানুষ।
দর্শনার্থীদের অভিজ্ঞতায়ও ছিল উচ্ছ্বাস। চিকলী লেক ওয়াটার পার্কে ঘুরতে আসা শিক্ষার্থীরা জানান, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পেরে তারা দারুণ আনন্দিত। তরুণ-তরুণীরা স্পিডবোটে চড়ে উপভোগ করেছেন রোমাঞ্চকর মুহূর্ত।
অন্যদিকে, রংপুর চিড়িয়াখানা শিশু পার্কে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নাগরদোলায় চড়া এবং প্রাণী দেখা থেকে শিক্ষামূলক অভিজ্ঞতা অর্জনের কথাও জানান।
ভিন্নজগত বিনোদন কেন্দ্রে আগত দর্শনার্থীরা প্ল্যানেটারিয়ামে ‘বিগ ব্যাং’ তত্ত্বসহ বিশ্ব সৃষ্টির নানা বিষয় সম্পর্কে জেনে মুগ্ধ হয়েছেন। পাশাপাশি সেখানে থাকা তাজমহল, আইফেল টাওয়ার, চীনের মহাপ্রাচীরসহ বিভিন্ন প্রতিকৃতিও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে, ঈদের ছুটিতে বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।
সব মিলিয়ে, ঈদের ছুটিতে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে আনন্দ, উচ্ছ্বাস আর মিলনমেলায় ভরা এক প্রাণবন্ত উৎসবস্থলে।
ফিরোজ 

























