• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Headline
দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে  প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশ আজ জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ও বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা শুরু, নতুন মান নির্ধারণের উদ্যোগ জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: কৃষিমন্ত্রী মিরপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩০

উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একুশে সংবাদ ডেস্ক / ১১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
নানা কর্মসূচি, উৎসাহ-উদ্দীপনা ও দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা ও নানা কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে সেখানে সমাধিস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি ফাতেহা পাঠ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান নেতাদের সঙ্গে নিয়ে সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নেতা-কর্মীদের ঢল

শীর্ষ নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীদের জন্য সমাধি প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা নেতা-কর্মীরা স্লোগানে মুখর করে তোলেন জিয়া উদ্যানের আশপাশ।

‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ এবং ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’—এমন নানা স্লোগানে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন।

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সমবেত হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাধি প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেতা-কর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।

পতাকা উত্তোলন ও চিকিৎসাসেবা

দিবসের সূচনায় ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

থাকছে আরও কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর।

এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বরেণ্য বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগর বিএনপি এবং দলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তিতে দলটির নেতা-কর্মীরা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অর্জনের স্মৃতি স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় নতুন প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category