কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক এবং একজন বাংলাদেশি।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে সাঁতরে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ এবং ফেরত যাওয়ার সময় বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা ছিল তাদের।
পরে আটক দুই মিয়ানমারের নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক ও বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা ও ওষুধ এবং আটক তিন ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।