• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে পার্ক করা বাসে আগুন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুর্বৃত্তের আগুন দেওয়ার সন্দেহ, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্ক করে রাখা ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে পার্ক করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত সোয়া ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া জানান, পার্ক করে রাখা বাসটিতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category