• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

বিএনপির শক্তি ক্ষমতা নয়, জনগণ: রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিরোধীদের কর্মসূচিতে বাধা নেই দাবি—জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির ফল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি বর্তমানে দেশের দায়িত্বে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার জোর দেখিয়ে বিএনপি কখনো রাজনীতি করেনি।

গতকাল রাজধানীর নয়াপল্টনে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশের দায়িত্বে রয়েছে। কিন্তু আমাদের দল ক্ষমতার জোর দেখিয়ে কখনোই রাজনীতি করেনি। বিএনপি জোর দেখায় একটাই, সেটা হচ্ছে জনগণের শক্তির জোর।’

তিনি দাবি করেন, বিরোধী দলকে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনে তাদের কোনো বাধা নেই।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের লং মার্চ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ত। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে ঢাকা থেকে রংপুরগামী বিরোধী দলের লং মার্চ নির্বিঘ্নে টাঙ্গাইল ও বগুড়া হয়ে রংপুরে পৌঁছেছে এবং পথে বিভিন্ন স্থানে সভা হয়েছে বলে দাবি করেন তিনি।

দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে দাবি করে রিজভী বলেন, বিরোধী দল রাজনৈতিক কর্মসূচি করছে, এতে আপত্তি নেই। গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলার সুযোগ রয়েছে। তবে নতুন নেতৃত্বে আসা নেতাদের কেউ কেউ হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন বলে অভিযোগ করেন তিনি।

বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিরোধী দল তো আজকের বিরোধী দল, আগামীতে সরকারও হতে পারে। তাহলে সরকার হলে কিভাবে চালাবে?’ বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির ফল

বর্তমান জ্বালানি সংকট বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সৃষ্ট নয় দাবি করে রিজভী বলেন, এর পেছনে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ কমে গেলে মিল-কলকারখানা পরিচালনা এবং বাসাবাড়িতে রান্নার চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। সংকট মোকাবিলায় সরকার বাজেটের অতিরিক্ত আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো কাছের দেশ থেকে গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে।

কারিগরি ত্রুটির কারণে একটি টার্মিনালে সমস্যা হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সেটি মেরামত করা হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে এবং বিদ্যুৎ সংকটও ধীরে ধীরে কমছে।

‘এক দফার হুমকি দিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না’

রিজভী বলেন, এক দফার হুমকি দিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না। বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে রাজপথের ইট, কাঠ, ধূলা ও বালুর দীর্ঘ সম্পর্ক রয়েছে।

তারেক রহমান জোর করে ক্ষমতায় আসেননি দাবি করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। এ সময়ে দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে জনগণ সুসংগঠিত ও প্রস্তুত ছিল এবং জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার পতন সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের দাবি

সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ হাজার কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’—হাজার বছরের ঐতিহ্য ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি অবলম্বনহীন বা খুঁটিবিহীন রাজনৈতিক দল নয়। ‘বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি।’ জনগণের সেই খুঁটি এত শক্ত যে হিমালয়ের শক্তি দিয়ে আঘাত করলেও তা টলানো যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category