• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
ডিমলায় তিস্তায় যৌথ টাস্কফোর্সের অভিযান: ২৫ হাজার ঘনফুট পাথর ও ৫ ক্রাশার মেশিন জব্দ, ট্রাক আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগ বেলকুচি মডেল কলেজের গভর্নিংবডির বিরুদ্ধে পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি, মাস না পেরোতেই চুরির মামলায় গ্রেপ্তার পাঁচবিবিতে অটো ছিনতাইয়ের অভিযোগে চালককে হত্যা, নির্জন স্থানে মিলল মরদেহ শিক্ষার্থীর সার্বিক কল্যাণে আধুনিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই —মিরপুর মডেল একাডেমির অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় আলহাজ্ব রুহুল আমিন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির নতুন নির্দেশনা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব ডিএমপির শ্রেষ্ঠ অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল জুলাই সনদ বাস্তবায়নে এগোচ্ছে সরকার, আলোচনায় বিরোধী দলকে আমন্ত্রণ

জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের : জ্বালানি তেল নিয়ে বিরোধ

আন্তজাতিক ডেস্ক / ১৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ডিজেল রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার সমালোচনা করার পর শনিবার ইউক্রেনে ‘নতুন নেতা’ নিয়োগের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চাপে রয়েছেন তিনি।

আগামী মাসের নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির জয়ের সম্ভাবনা কম। এর অন্যতম কারণ জ্বালানির মূল্যবৃদ্ধি। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে রাশিয়ার আরও বেশি ডিজেল সরবরাহের সুযোগ দিয়ে করা চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন ট্রাম্প। এর আগে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতায় পৌঁছাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জোরালোভাবে’ আগ্রহী।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্পের অভিযোগ, মস্কোর সঙ্গে সমঝোতার পথে বাধা দিচ্ছেন জেলেনস্কি। রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালানোর নির্দেশও তিনি উপেক্ষা করেছেন। অন্যদিকে, ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা সতর্ক করে বলেছে, মস্কোর ওপর চাপ কমানো হলে ক্রেমলিনের যুদ্ধ পরিচালনার অর্থায়ন সহজ হবে।

এ বিরোধের মধ্যেই ইউক্রেনজুড়ে রাশিয়ার সর্বশেষ হামলায় শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।

শুক্রবার ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং বিশ্ববাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের বিষয়ে তাঁরা একমত হয়েছেন।

এ সিদ্ধান্তে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা হতাশা প্রকাশ করেছে। শুক্রবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি একটি ‘দুর্বল সিদ্ধান্ত’।

সমালোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলা না চালাতে তিনি জেলেনস্কিকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। এসব হামলার ফলে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত জ্বালানি সংকট আরও বাড়তে পারে।

ট্রাম্প বলেন, ‘তাঁর এ কাজ অবশ্যই বন্ধ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি পরামর্শ দেব, তারা যেন এমন একজন নতুন নেতা পায়, যিনি সমঝোতায় পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেকবারই সমঝোতায় পৌঁছাতে পারতেন। কিন্তু কোনো এক কারণে তিনি তা করেননি।’

পরে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসানে পুতিন আগ্রহী।

সাংবাদিকদের তিনি বলেন, ‘রাশিয়া একটি সমঝোতায় পৌঁছাতে চায়। কিন্তু কোনো এক কারণে জেলেনস্কি সমঝোতায় যেতে চান না।’

ট্রাম্প আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন জোরালোভাবেই যুদ্ধের অবসানে একটি সমঝোতা দেখতে চান।’

২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে কোনো নির্বাচন না হওয়ায় জেলেনস্কির সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, তাঁর নির্বাচন করা উচিত। তিনি অনেকবারই এ সংঘাতের অবসান ঘটাতে পারতেন।’

কিয়েভের পাশে মিত্ররা-

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, রাশিয়ার ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলে দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাই বাড়বে।

অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এখন রাশিয়ার ওপর চাপ কমানোর সময় নয়। ইউরোপ তা করবে না।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এক ফোনালাপে জেলেনস্কির প্রতি তাঁর ‘পূর্ণ সংহতি’ পুনর্ব্যক্ত করেছেন।

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, বার্নহাম রাশিয়ার ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা আরও জোরদার করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও তাঁর প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘তিনি ইউক্রেনের জনগণের সমর্থন পান। আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণেরই।’

ইউক্রেনে প্রাণঘাতী হামলা-

ইউক্রেনের রাষ্ট্রীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার গ্লাইড বোমা হামলায় তিন শিশুসহ ২০ জন নিহত হয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘আজ ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য রাশিয়া জাপোরিঝিয়ায় আবাসিক ভবনে পাঁচটি গ্লাইড বোমা ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’

এএফপির এক সংবাদদাতা উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের ও মরদেহ বের করে আনতে দেখেছেন।

উদ্ধারকর্মী দানিল পিশকিন এএফপিকে বলেন, ‘আমরা ধ্বংসস্তূপের নিচে মানুষ দেখেছি—একজন নারী, তার স্বামী ও একটি শিশু।’

তিনি জানান, দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ‘দুর্ভাগ্যবশত, একটি ছোট মেয়ে মারা গেছে।’

ইরিনা নামের ৬৯ বছর বয়সী এক বাসিন্দা জানান, বিমান হামলার সতর্কবার্তা পাওয়ার পর তিনি বাথরুমে আশ্রয় নিতে সক্ষম হন। তাঁর দুই প্রতিবেশী নিহত হয়েছেন।

তিনি এএফপিকে বলেন, ‘তাদের বয়স ছিল ৭৫ বছর। তাঁদের সোজা বাইরে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল। তাঁরা হাসপাতালে পৌঁছাতে পারেননি।’

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় ১১ বছর বয়সী এক বালক নিহত হয়েছে।

রাশিয়ার হামলায় রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ‘ডেটা সেন্টারে’ হামলা চালানো হয়েছে।

কূটনৈতিক তৎপরতা-

সংঘাতের অবসানে নতুন করে উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে মায়ামিতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তাদের বৈঠকের সময় ডিজেল সরবরাহের চুক্তির ঘোষণা আসে।

জেলেনস্কির এক সহযোগী জানান, ইউক্রেনের প্রতিনিধিদল শনিবার দেশে ফিরছিল।

মার্কিন দূত স্টিভ উইটকফ এক্সে জানান, আলোচনায় ‘ইথ্রি, ইউরোপীয় কমিশন, ইউক্রেন ও ন্যাটো’ অংশ নিয়েছে।

তিনি আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেন। তার ভাষ্য অনুযায়ী, শীত আসার আগে রাশিয়ার সঙ্গে যুদ্ধের উত্তেজনা কমানো ও সংঘাতের অবসানের উপায় খোঁজার পাশাপাশি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

ক্রেমলিন শনিবার জানিয়েছে, শুক্রবার ফোনালাপে ট্রাম্প যুদ্ধের উত্তেজনা কমানোর বিষয়ে তাঁর প্রস্তাবগুলো পুতিনকে জানিয়েছেন।

ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, পুতিন প্রস্তাবগুলো ‘বুঝতে পেরেছেন’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করা রাশিয়া বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category