
বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ ‘রেজকি (REZKIY)’ ও ‘সোভারচেনি (SOVERCHENNY)’ মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জাহাজদ্বয়ের এ আগমনকে কেন্দ্র করে বন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে এবং নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।
সফরকালীন সময়ে রাশিয়ান নৌবাহিনীর জাহাজদ্বয়ের অধিনায়কগণ এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে রাশিয়ান নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধিস্থল ‘রেডকিন পয়েন্ট’-এ পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি তারা নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখবেন। একই সময়ে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও রাশিয়ান জাহাজদ্বয় পরিদর্শনের সুযোগ পাবেন।
এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, চার দিনের সফর শেষে আগামী ২৭ মার্চ ২০২৬ তারিখে রাশিয়ান নৌবাহিনীর জাহাজদ্বয় বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
এম এ ছবুর: 






















