প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।
বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমস্যা, বর্তমান পরিস্থিতি এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, ২০১৬ সালে নেওয়া একটি প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও কাঙ্ক্ষিত সুফল এখনো পুরোপুরি পাওয়া যায়নি।
তিনি বলেন, সমাপ্ত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে এবং ড্রেনেজ ব্যবস্থার আরও উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের বিষয়টিও আলোচনায় এসেছে এবং বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকার আশা করছে, সমন্বিত উদ্যোগ ও নতুন পরিকল্পনার মাধ্যমে ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে।