ঢাকা, ৯ জুন:
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। ওয়াং ইউবো-এর আমন্ত্রণে প্রতিনিধিদলটি আগামীকাল বুধবার কুনমিং-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সফরটি চলবে ১০ থেকে ১৩ জুন পর্যন্ত।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— আকতার হোসেন, মো. খালেদ হোসাইন মাহবুব, সংরক্ষিত নারী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন।
সফরের অংশ হিসেবে ১১ জুন ডেপুটি স্পিকার সপ্তম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি ওয়াং নিং-এর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া প্রতিনিধিদলটি দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে এবং বাংলাদেশের থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।
১২ জুন ডেপুটি স্পিকার ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো’র সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি সহজীকরণ, বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
সফরকালে প্রতিনিধিদলটি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা সহযোগিতা, জন্মগত হৃদরোগ চিকিৎসা কর্মসূচি এবং চীন-বাংলাদেশ যৌথ চিকিৎসা উদ্যোগ বিষয়ক একটি শেয়ারিং সেশনে অংশ নেবে। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার সমাপনী বক্তব্য প্রদান করবেন।
সফরের শেষ দিনে প্রতিনিধিদলটি ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবে।
উল্লেখ্য, চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাণিজ্য সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক প্ল্যাটফর্ম। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, বাণিজ্য উদারীকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণও ফোরামটির অন্যতম প্রধান লক্ষ্য।